গণমাধ্যম শক্তিশালী হলে রাজনীতিও শক্তিশালী হবে
Published: 11:05 AM, 23 January 2026
গণমাধ্যম শক্তিশালী হলে দেশের রাজনীতিও শক্তিশালী হবে। টেলিভিশন মিডিয়া চাইলে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতির গতিপথই পাল্টে দিতে পারে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য টকশো হয়। কিন্তু বিস্ময়করভাবে, এসব টকশোতে আমরা প্রকৃত অর্থে প্রার্থীকেন্দ্রিক আলোচনা দেখতে পাই না। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আলোচনা দেখা যায় না।
নির্বাচনে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা কী, নির্বাচিত হলে তিনি কী করবেন, নিজের এলাকার মানুষের জন্য কী পরিবর্তন আনতে চান, কিংবা দেশের জন্য তার দীর্ঘমেয়াদি ভাবনা কী- এসব প্রশ্ন প্রায় অনুপস্থিত। আলোচনার কেন্দ্রজুড়ে থাকে অতীত, অভিযোগ-পাল্টা অভিযোগ, কে কাকে কী বলেছিল, কে কাকে দোষারোপ করছে- সেই পুরোনো চক্র।
কিছু ‘বুদ্ধিদীপ্ত’ আলোচক একই ধরনের আলোচনা করেই যাচ্ছেন। তাদের বক্তব্য বদলায় না, প্রশ্নও বদলায় না- শুধু ইনকাম চলতে থাকে। অথচ দেশ ও দশের কোনো উপকার হয় বলে মনে হয় না। এদের বাদ দিয়ে চাইলেই টেলিভিশন মিডিয়া ভিন্ন পথ বেছে নিতে পারে। অন্তত ৫০ জন প্রার্থীকে বাছাই করে ধারাবাহিকভাবে পর্দায় এনে সরাসরি প্রশ্নের মুখোমুখি করতে পারে। তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা যায়। নির্বাচনের আগে তাদের অঙ্গীকার শোনা যায়, আর নির্বাচনের পর আবার তাদের ডেকে এনে জবাবদিহির মুখে দাঁড় করানো যায়। রাজনীতিকে সঠিক ট্রাকে তুলে দেওয়া যায়।
পশ্চিমা দেশগুলোতে প্রার্থীদের একে অপরের মুখোমুখি হতেই হয়। আর এতে কত প্রার্থী যে ঝরে যায়, যোগ্যরাই উঠে আসে। পরবর্তীতে বেটার দেশ গঠনে ভূমিকা রাখেন তারা।
প্রার্থী বনাম প্রার্থী বিতর্ক হোক- কে বেশি কাজ করবে, কার পরিকল্পনা বাস্তবসম্মত, কে জনগণের স্বার্থে সবচেয়ে কার্যকর। একজন দক্ষ ও সাহসী মডারেটর হিসেবে প্রশ্নবাণে জর্জরিত করুন তাদের। তৈরি হোক স্বপ্ন, তৈরি হোক ইতিবাচক প্রতিযোগিতা। রাজনীতি ফিরে পাক ভবিষ্যৎমুখী ভাষা। রাজনীতি কঠিন হলে দেশ সঠিক পথে আগাবে। হুট করে কেউ রাজনীতি করার চিন্তা করবে না।
দুঃখজনক হলেও সত্য- আমরা তা দেখতে পাই না। টেলিভিশন মিডিয়া বছরের পর বছর ধরে একই গৎবাঁধা নিয়মে ছুটে চলছে। নতুন কিছু করার সাহস, দায়িত্ববোধ কিংবা দূরদর্শিতার অভাব স্পষ্ট। অথচ সঠিক প্রস্তুতি, তথ্যভিত্তিক প্রশ্ন এবং সাহসী মডারেশনের মাধ্যমে টেলিভিশন টকশোই হয়ে উঠতে পারে ভবিষ্যতমুখী বাংলাদেশ নির্মাণের অন্যতম শক্তিশালী মাধ্যম।
লেখক: প্রবাসী সাংবাদিক ও সংগঠক

.png)



